ঢাকা, শনিবার   ৩০ মে ২০২৬

আদ-দ্বীন হাসপাতালে রুটির কারখানার সন্ধান পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ৩০ মে ২০২৬ | আপডেট: ১৮:১৭, ৩০ মে ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে রুটির কারখানার সন্ধান পাওয়া গেছে। শনিবার (৩০ মে) বিকালে হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালের নীচের ফ্লোরে বেকারি পাওয়া গেছে। দুই ইলেকট্রিক ওভেন দিয়ে চলে। ইঞ্জিনিয়ার নেই। এটা উচিত হয়নি। প্রচুর ময়লা পাওয়া গেছে। শক্তভাবে দেখা হবে বিষয়টা।’

তিনি বলেন, ‘হাজার হাজার শিক্ষার্থীর জন্য বেকারিতে খাবার তৈরি হতো। সেখান থেকে কোনো গ্যাস বের হয়েছে কিনা সেটি দেখা হবে। দুইজন ডাক্তারের সঙ্গে কথা বলা হয়েছে। তারাও বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যে ছয় নবজাতক মারা গেছে, তাদের মায়েদের সঙ্গে কথা বলার পর তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। শিশুদের মায়েরা বিভিন্ন এলাকায় আছেন। তাদের কাছ থেকে কথা শোনা হবে। তারপর এসব বিষয় তদন্তের মধ্যে থাকবে।’

এর আগে, গত বুধবার (২৭ মে) ভোরে এ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা যায়, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয় এবং সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এরপর ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে ছয়জন শিশুর মৃত্যু হয়।

এই ঘটনাটি তদন্তে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেয়া হবে।

এমআর // 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি