ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

আমার নাম ব্যবহার করে অন্যায় করলে প্রশ্রয় দেবেন না: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০১, ১৩ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরের প্রশাসনকে সতর্ক করে দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাঁর নাম ব্যবহার করে কেউ কোনো অন্যায় বা অনৈতিক সুবিধা নিতে চাইলে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নেয়।

শুক্রবার (১৩ মার্চ) ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মোড় সংলগ্ন আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তিনি ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন দপ্তরকে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন তাঁর নাম ব্যবহার করে অজ্ঞাতে কেউ কোনো অন্যায় কাজ নিয়ে এলে তাকে যেন বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া না হয়। রাজনৈতিক স্বচ্ছতা বজায় রাখতে তিনি বদ্ধপরিকর বলেও জানান।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁর বাবা মরহুম কে এম ওবায়দুর রহমানকে সত্যিকারের শ্রদ্ধা জানাতে হলে জনগণের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের সেবাকেই রাজনীতির মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।

ডাঙ্গী, রামনগর ও তালমা ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা এবং মরহুম কে এম ওবায়দুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি