ঢাকা, বৃহস্পতিবার   ২১ মে ২০২৬

আসামি না হয়েও কারাভোগ, মুক্তি পেলেন সেই মামুন মিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৬, ২০ মে ২০২৬

Ekushey Television Ltd.

নাম এক হলেও ব্যক্তি ভিন্ন। সেই ভুলেই চেক ডিজঅনার মামলায় প্রায় সাড়ে তিন মাস কারাভোগ করতে হয়েছে এক নিরীহ ব্যক্তিকে। অবশেষে আদালতের আদেশে মুক্তি পেয়েছেন নরসিংদীর শিবপুরের বাসিন্দা মামুন মিয়া।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট সাদেকুল ইসলাম ভূঁইয়া জাদু।

এর আগে মঙ্গলবার ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক তানিয়া সুলতানা লিপি মামুন মিয়াকে মুক্তির নির্দেশ দেন।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, আসামিপক্ষ আবেদন করে জানায়, চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত হাজতি মামুন মিয়া প্রকৃত আসামি নন। “মেসার্স পড়ন্ত বেলা পোল্ট্রি ফিড”-এর মালিকও তিনি নন।

এ বিষয়ে জটিলতা সৃষ্টি হলে আদালত নরসিংদীর শিবপুর মডেল থানাকে প্রকৃত আসামি শনাক্ত করে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ মাসুদুর রহমান আদালতে হাজির হয়ে জবানবন্দিতে জানান, বর্তমানে কারাগারে থাকা মামুন মিয়া (পিতা: মৃত আলী আকবর) এই মামলার আসামি নন। প্রকৃত আসামি হলেন আরেক মামুন মিয়া, যার পিতা সুরুজ মিয়া।

এরপর আদালত ভুল ব্যক্তির বিরুদ্ধে জারি হওয়া সাজা পরোয়ানা প্রত্যাহার করে তাকে মুক্তির নির্দেশ দেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি