ঢাকা, মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত রিপোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৩৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার নেপথ্যে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তই দায়ী ছিল। সরকারের এই সিদ্ধান্তের পেছনে তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সায় দিয়েছিল। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। 

বাংলাদেশের বিশ্বকাপে অংশ না নেওয়ার নেপথ্য কারণ অনুসন্ধানে বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই তদন্ত কমিটি গঠন করেছিল। চলতি বছরের মার্চে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আইনজীবী ফয়সাল দস্তগীরকে নিয়ে ৩ সদস্যের এই কারণ অনুসন্ধান কমিটি গঠিত হয়। দীর্ঘ কয়েক মাসের তদন্ত শেষে আজ কমিটি তাদের ২২ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়। 

সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, "তদন্তে সংশ্লিষ্টদের বক্তব্য ও সংবাদমাধ্যমের প্রতিবেদন মিলিয়ে যা দেখা গেছে, তাতে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং তৎকালীন সরকার দায়ী। 

বাংলাদেশের অবশ্যই এই বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত ছিল।"তদন্ত প্রক্রিয়া চলাকালীন কমিটি বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হকসহ ১২ জনের সাক্ষাৎকার গ্রহণ করে। তবে অভিযুক্ত তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও কমিটি তাদের কোনো বক্তব্য পায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি