ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির নামে প্রতারণা, ইফা`র সতর্কতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ১ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

দেশের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা হতে সাবধান থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

রোববার (১ মার্চ) গণমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারকচক্র ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে সম্মানি প্রদানের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থানের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের বিভ্রান্ত করছে। এ প্রতারকচক্র সম্মানি পেতে বিকাশ, নগদ কিংবা রকেটে অর্থ প্রেরণ কিংবা ক্রেডিট কার্ডের নম্বর দেয়ার জন্য জনসাধারণকে প্রলুব্ধ করছে।

এ বিষয়ে প্রকৃত তথ্য হলো-সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদানের বিষয়টি কিভাবে বাস্তবায়ন করা যায়; সে লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে বিদ্যমান মসজিদের সংখ্যা এবং এসব মসজিদে কর্মরত খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের তথ্য সংগ্রহের বিষয়ে এ কমিটিকে সহযোগিতা করছে। এ সহযোগিতার অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরূপ তথ্য সংগ্রহ ভাতা বা সম্মানি প্রদানের নিশ্চয়তা বহন করে না। এ বিষয়ে সতর্ক থাকা এবং প্রতারকচক্রের সঙ্গে কোনোরূপ আর্থিক লেনদেন না করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ হতে সর্বসাধারণকে অনুরোধ করা হলো।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি