ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে হাজির করা হলো উইং কমান্ডার সাইফকে
প্রকাশিত : ১২:২১, ২৩ আগস্ট ২০২৬
বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে গত ৯ আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১।
প্রসিকিউশন জানায়, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডারের সম্পৃক্ততা পেয়েছেন তদন্ত কর্মকর্তা। মামলাটি এখনও তদন্তাধীন। গ্রেফতারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হবে।
সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুমের মামলায় তার দেহরক্ষী সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে উঠে আসে ইলিয়াস আলী গুমের তথ্য।
ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে ইমরুল কায়েস জানান, ইলিয়াস আলী গুমের আগে মহাখালী এলাকায় একটি অভিযানে জিয়াউল আহসানের সঙ্গে সাইফুর রহমানও ছিলেন।
২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তিনি সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এএইচ
আরও পড়ুন










