ঢাকা, মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬

ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৬, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৪২, ২০ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী যেকোনও মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন এবং ইশরাকের পদত্যাগ সংবিধান অনুযায়ী হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি বলে মনে করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) ঝিনাইদহের মহেশপুর উপজেলা ডাকবাংলোয় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন। ইশরাক নিয়ম মেনেই পদত্যাগ করেছেন। এটি একটি সাংবিধানিক বিষয়, এখানে আইনের কোনও ব্যত্যয় ঘটেনি।

তিনি আরও বলেন, ইশরাক পদত্যাগ না করলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তাকে পদত্যাগ করানোর অনুরোধ জানাতেন। এটিও সাংবিধানিক বিধানের আওতাভুক্ত।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, একটি সরকার যখন সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, তখন কাকে দায়িত্বে রাখা হবে আর কাকে রাখা হবে না, তা সরকারের নিজস্ব বিবেচনার বিষয়।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি