ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৬, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ২১:৩৮, ২৭ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে রাসেল বিশ্বাস (২৫) নামে এক যুবককে প্রথমে মারধর করে হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে ভর্তি অবস্থায় দ্বিতীয় দফায় তাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার (২৭ মার্চ) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রাসেল বিশ্বাস উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সঙ্গে তার ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে মারধর করে।

শুক্রবার সকালে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অভিযোগ রয়েছে, পান্না বিশ্বাসের লোকজন সেখানে গিয়ে আবারও রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে।

রাসেলের ভাই রবিউল বিশ্বাস অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরে জমি নিয়ে আমার চাচা পান্না বিশ্বাসের সঙ্গে বিরোধ চলছে। বৃহস্পতিবার রাতে তারা আমার ভাইকে মারধর করে। হাসপাতালে নেওয়ার পর শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস চাইনিজ কুড়াল দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। তার অবস্থা আশঙ্কাজনক।”

এ বিষয়ে জানতে পান্না বিশ্বাসের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত মালো বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি