ঢাকা, বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬

এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ এর ৩ (১১) ধারার বিষয়ে এক রিটে স্থিতাবস্থা দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এই আদেশের ফলে একই পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

সারের কৃত্রিম সংকট নিরসন, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও পারিবারিক একচেটিয়া প্রভাব (মনোপলি) ঠেকাতে আগের নীতিমালায় সংশোধন করে সরকার। গত ২৭ আগস্ট ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ প্রণয়ন করা হয়।

সে নীতিমালার ৩ (১১) ধারা বলা হয়, ‘সার ডিলার নিয়োগের ক্ষেত্রে একই পরিবারের একজনের ডিলারশিপ বা যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত খুচরা বিক্রেতার আইডি কার্ড থাকলে পরিবারের অপর কেউ ডিলারশিপের বা খুচরা বিক্রেতার আইডি কার্ডের জন্যে আবেদন করতে বা খুচরা বিক্রেতা হতে পারবেন না।’

এক্ষেত্রে পরিবারের সদস্য বলতে পিতা, মাতা, স্বামী বা স্ত্রী, পুত্র, পুত্রের স্ত্রী, পুত্রের পুত্র ও  তাদের স্ত্রী, অবিবাহিত কন্যা ও নির্ভরশীল ভাই ও বোন যারা এক খানায় খাদ্য গ্রহণ করেন তাদের বুঝানো হয়েছে।

নীতিমালার এই ধারাটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ঠাকুরগাঁওয়ের রওশন আরা বেগম ও তার স্বামী। সে রিটে প্রাথমিক শুনানি শেষে গত ৫ অক্টোবর হাইকোর্ট এই দুজনের ক্ষেত্রে নীতিমালার ৩ (১১) ধারাটিতে স্থিতাবস্থা দিয়ে রুল জারি করেন। 

তবে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সে আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ স্থগিত করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আর রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইকরামুল হক টুটুল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি