ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

একাধিক ড্রিমলাইনারে ত্রুটি, হজ ফ্লাইট নিয়ে চাপে বিমান

ইমন চৌধুরী, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:০৩, ১১ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা বোয়িং৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজগুলোর একটি বড় অংশে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইট পরিচালনায় অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহরে থাকা মোট ৬টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মধ্যে বর্তমানে একাধিক উড়োজাহাজ অচল অবস্থায় রয়েছে, যা অপারেশনাল সক্ষমতায় বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

ত্রুটিগ্রস্ত উড়োজাহাজের সর্বশেষ অবস্থা বি৭৮৭-৯ ঢাকায় অবস্থানরত এই উড়োজাহাজটি কারিগরি ত্রুটির কারণে বর্তমানে অচল অবস্থায় রয়েছে।

বোয়িং ৭৮৭-৮ (বিজি১২১/৭২২) ঢাকা–চট্টগ্রাম–মাসকাট–ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার সময় ত্রুটি দেখা দেয়। বর্তমানে উড়োজাহাজটি Muscat (MCT)-এ অচল অবস্থায় রয়েছে।

বিজি৭২২ ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় ছিল ১১ এপ্রিল স্থানীয় সময় রাত ২টা ৫৫ মিনিট। পরবর্তীতে এই বিমান দিয়ে BG201/202 (ঢাকা–সিলেট–লন্ডন–সিলেট–ঢাকা) ফ্লাইট পরিচালনার পরিকল্পনা ছিল, যার নির্ধারিত উড্ডয়ন সময় সকাল ৭টা ৪০ মিনিট।

B787-8 (BG337/138) ঢাকা–মদিনা–চট্টগ্রাম–ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার সময় উড়োজাহাজটি ঢাকায় এবং Medina উভয় স্থানেই কারিগরি ত্রুটির সম্মুখীন হয়। ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় ছিল সকাল ১১টা ৫৫ মিনিট, তবে ফ্লাইটটি প্রায় ৩ ঘণ্টা ১৭ মিনিট বিলম্বিত হয়েছে।

B777-300 (BG339/340) ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার সময় কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নে প্রায় ১ ঘণ্টা ৫৮ মিনিট বিলম্ব হয়। পরে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৩টা ৪৩ মিনিটে ঢাকাছাড়া করে।

লন্ডন ফ্লাইট নিয়ে অনিশ্চয়তা
লন্ডনগামী একটি ফ্লাইট হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্রথমে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বিলম্বিত করা হয়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, আরও বিলম্ব হলে ফ্লাইটটি লন্ডনের নাইট অপারেশন সীমাবদ্ধতার আওতায় পড়তে পারে।

এ বিষয়ে বিস্তারিত জানতে বিমানের মুখপাত্র বোসরা ইসলামকে বার বার কল দেওয়া হলেও তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, বহরের একাধিক উড়োজাহাজ একসঙ্গে অচল হয়ে পড়ায় স্বাভাবিক ফ্লাইট শিডিউল বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। এর মধ্যেই ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হলে অপারেশনাল চাপ আরও বাড়বে, যার ফলে যাত্রী ভোগান্তি বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি