ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬

একুশে টিভির প্রতিনিধির অফিসে ঢুকে সাবেক আ’লীগ নেতার তাণ্ডব

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

সুনামগঞ্জে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালামের পেশাগত কার্যালয়ে ঢুকে হামলার অভিযোগ উঠেছে ছাতকের ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে। 

শুক্রবার বিকেলে সুনামগঞ্জ পৌরবিপণীস্থ একুশে টিভির জেলা অফিসে এই সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায় যে, ঘটনার সময় সাংবাদিক আব্দুস সালাম তার অফিসে বসে পেশাগত কাজ করছিলেন। এসময় ইসলাম উদ্দিনের নেতৃত্বে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী অফিসে অনধিকার প্রবেশ করে। এসময় ইসলাম উদ্দিন চিৎকার করে দাবি করেন যে, তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে তার ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণ হিসেবে তিনি সাংবাদিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেন।

একপর্যায়ে সন্ত্রাসীরা অফিসের আসবাবপত্র ও চেয়ার টেবিল ভাংচুর শুরু করলে সাংবাদিক আব্দুস সালাম বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইসলাম উদ্দিন অফিসে থাকা ক্যামেরার ট্রাইপড দিয়ে সাংবাদিকের মাথা লক্ষ্য করে আঘাত করেন। সাংবাদিক হাত দিয়ে তা প্রতিহত করলে তার ডান হাত ও বাম হাতের কনুইয়ের নিচে জখম হয়। 

এসময় আসামীরা ধারালো চাকু প্রদর্শন করে ভীতি সৃষ্টি করে এবং টেবিলের ওপর থাকা ১ লাখ টাকা মূল্যের একটি স্যামসাং জেড ফোল্ড ফোর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। 

সাংবাদিকের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর আহত সাংবাদিক সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় ইসলাম উদ্দিন ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান যে, অভিযোগটি তারা পেয়েছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আসামীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি