ঢাকা, রবিবার   ২৩ আগস্ট ২০২৬

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনীর প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:১৩, ২৩ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে এডমিরাল পদে পদোন্নতি দেয়া হয়েছে। 

রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রিয়ার এডমিরাল পদে ছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১৬ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তার মেয়াদ শেষ হবে ২০২৯ সালের ২২ জুলাই।

১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন খোন্দকার মিসবাহ উল আজীম। পরে মালয়েশিয়ার রয়্যাল মালয়েশিয়ান নেভিতে মৌলিক নৌ প্রশিক্ষণ সম্পন্ন করে ১৯৮৯ সালের ১ জুলাই এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। 

প্রায় চার দশকের কর্মজীবনে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণসংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার, সাবমেরিনের কমান্ডার এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক ‘নৌবাহিনী পদক’ (এনবিপি) ও ‘নৌ পারদর্শিতা পদক’ (এনপিপি) পেয়েছেন খোন্দকার মিসবাহ উল আজীম। এ ছাড়া তিনি জাতীয় শুদ্ধাচার পুরস্কার ও জাতীয় স্কাউট পুরস্কার (সিলভার ইলিশ পদক) অর্জন করেছেন। নৌবাহিনী প্রধানের প্রশংসাপত্রও তিনবার পেয়েছেন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি