ঢাকা, রবিবার   ১৬ আগস্ট ২০২৬

এমপি আইনুল হকের গাড়িতে হামলা, ৫৫ জনের বিরুদ্ধে থানায় মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৯, ১৬ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৫ জন নামীয় ও অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গ্রেফতারের স্বার্থে আপাতত আসামিদের নাম প্রকাশ করেননি রায়গঞ্জ থানার ওসি মোঃ আহসানুজ্জামান। তিনি জানান, শনিবার সন্ধ্যায় হামলার ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যারা এ ঘটনায় জড়িত তাদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

এমপি আয়নুল হকের উপর শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য আয়নুল আঘাতপ্রাপ্ত না হলেও তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। 

পরে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রায়গঞ্জ উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে শনিবার সন্ধ্যায় ধানগড়া বাজারে স্থানীয়দের নিয়ে জরুরি মতবিনিময় সভা ছিল। এ সময় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে সংসদ সদস্যের গাড়ির ওপর অতর্কিত হামলা হয়। 

পরে এমপি আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে থাকা একজনের ফেসবুক আইডি থেকে দেওয়া লাইভে এমপি আয়নুল হক এ হামলার জন্য জামায়াত-শিবির ও এনসিপিকে দায়ী করেন।

তবে জামাত নেতারা এ হামলার দায় অস্বীকার করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি