ঢাকা, মঙ্গলবার   ০২ জুন ২০২৬

এমপি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৮, ১ জুন ২০২৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (১ জুন) সন্ধ্যায় জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আহত হয়েছেন আমির হামজার শ্যালক আবু বক্কর এবং গাড়িচালক সাদ্দাম হোসেন।

আহত আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে একটি গাড়িতে এমপি আমির হামজা এবং বোনসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে তিনি আরেকটি গাড়িতে জীবননগরের উদ্দেশ্যে রওনা দেন। পথে হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন ব্যক্তি এসে তার ওপর হামলা চালায়। তিনি নিজেকে এমপি আমির হামজার শ্যালক হিসেবে পরিচয় দিলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার মুখে আঘাত করে।  

একপর্যায়ে তার বোন গাড়ি থেকে নেমে এলে তাকে এবং আমির হামজাকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে আমির হামজা ও তার পরিবারের সদস্যরা জীবননগর থানায় যান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে এমপি সাহেবসহ তার পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি