কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ ২ নাবিকের মৃত্যু
প্রকাশিত : ১৮:৩২, ১ জুলাই ২০২৬
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা মাছ ধরার একটি ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়জনের মধ্যে দুই নাবিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুলাই) ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। পরে পরিবারের ইচ্ছায় তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহতরা হলেন, ট্রলার ‘এফবি দেশ’ এর দুই নাবিক রুবেল ও শাহ আলম। রুবেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এবং শাহ আলমের বাড়ি নোয়াখালী জেলায়।
ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, দগ্ধ অন্য চার জনের মধ্যে ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও নাবিক সিদ্দিক আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে কর্ণফুলী নদীর সদরঘাট সাম্পানঘাট সংলগ্ন এলাকায় নোঙর করা ‘এফবি দেশ’ ট্রলারের ইঞ্জিন কক্ষে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। এতে ট্রলারে থাকা ছয়জন দগ্ধ হন।
ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বলেন, সাগর থেকে মাছ ধরা শেষে সোমবার দুপুরে ট্রলারটি কর্ণফুলী নদীতে নোঙর করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের বৈদ্যুতিক স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় ট্রলারের পক্ষ থেকে চট্টগ্রামের সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ঘটনাটির কারণ খতিয়ে দেখছে।
এমআর//
আরও পড়ুন










