ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬

কর্মবিরতি প্রত্যাহার, রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি সরবরাহ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩১, ২৯ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। জেল হাজতে আটক শ্রমিকদের আগামীকাল সোমবারের (৩০ মার্চ) মধ্য মুক্তির আশ্বাসের প্রেক্ষিতে ১২ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করে নেয়া হয়।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। 

এর আগে পার্বতীপুর উপজেলা প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতাদের এক ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ হুসাইন রাজু শ্রমিক নেতাদের আশ্বস্ত করায় তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।

আলোচনা সভায় পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ, রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু), সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

পার্বতীপুর মডেল থানার ওসি মো. আব্দুল ওয়াদুদ ও রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরির চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা করার প্রতিবাদে ও কারাগারে পাঠানো শ্রমিকদের অবিলম্বে মুক্তির দাবিতে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে। রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুরের রেলহেড অয়েল ডিপো থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাংকলরি শ্রমিকরা আন্দোলন কর্মসূচিতে নামে।

এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করছে দিনাজপুর জেলা পেট্রল পাম্প মালিক সমিতি। ফলে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি