ঢাকা, শুক্রবার   ০৫ জুন ২০২৬

কালকিনিতে বাসচাপায় শিশুর মৃত্যু, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মাদারীপুর (কালকিনি) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৬, ৫ জুন ২০২৬

Ekushey Television Ltd.

মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় বাসচাপায় আলিছা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শুক্রবার (৫ জুন) বিকেল সোয়া ৪টার দিকে ভুরঘাটা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিছা ডাসার উপজেলার বনগ্রাম এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি তার দাদার সঙ্গে একটি মিষ্টির দোকান থেকে বের হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা বিএমএফ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।

এদিকে স্থানীয়রা ডাসার উপজেলার পাথুরিয়াপাড়া এলাকা থেকে ঘাতক বাসটি আটক করে। তবে বাসচালক কৌশলে পালিয়ে যান।

পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পলাতক চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি