কিশোরগঞ্জে উলামা পরিষদের আপত্তির মুখে বন্ধ হলো কনসার্ট
প্রকাশিত : ১৫:৫৪, ১৯ আগস্ট ২০২৬
কিশোরগঞ্জে ইমাম-উলামা পরিষদের আপত্তির মুখে বন্ধ হয়ে গেলো কনসার্ট। এই কনসার্টে গান গাওয়ার কথা ছিল এ্যাশেজ ব্যান্ড ও নোবেলের।
আজ বুধবার (১৯ আগস্ট) জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আলীশান রেস্টুরেন্টের উদ্যোগে এ কনসার্টের আয়োজন করা হয়েছিল।
গত ১৭ আগস্ট এ কনসার্ট আয়োজনের ঘোষণার পর গতকাল ১৮ আগস্ট অনুষ্ঠান বন্ধের জন্য ইমাম-উলামা পরিষদ কিশারগঞ্জ সদর উপজেলা শাখার পক্ষ থেকে একটি আবেদন করা হয় জেলা প্রশাসক বরাবর।
আবেদনটি করেন কিশারগঞ্জ সদর উপজেলা শাখা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ।
অভিযোগে বলা হয়, কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে শরীয়ত বিরোধী গান-বাজনার অনুষ্ঠান হতে যাচ্ছে। প্রকাশ্যে এ ধরণের অনুষ্ঠান আল্লাহ তা'আলার আযাব আসার কারণ। যদি এরকম প্রোগ্রাম অনুষ্ঠিত হয় তাহলে পরিস্থিতি ঘোলাটে হওয়ার সম্ভাবনা রয়েছে।
এরপর আজ দুপুরে পুরাতন স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, কনসার্টের মঞ্চের মালামাল গুছিয়ে ট্রাকে ভরে নিয়ে যাচ্ছে আয়োজকদের লোকজন।
কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান আলীশান রেস্টুরেন্টের মালিক মো. ইব্রাহীম খলিল অডিও বা ভিডিও বার্তায় কিছু বলতে রাজি হননি। তবে তিনি স্বাভাবিক কথাবার্তায় জানান, আমাদের রেস্টুরেন্টের র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী উপলক্ষে এ কনসার্টের আয়োজন করা হয়েছিল। আমাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে অনুমতি দিয়েছিল জেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়ে দেয় যে এই কনসার্ট করা যাবেনা।
এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টের ভিত্তিতে আইনশৃংখলা অবনতি হতে পারে বিধায় কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










