ঢাকা, রবিবার   ০৭ জুন ২০২৬

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ কর্মী আটক

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪০, ৭ জুন ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। পরে অভিযান চালিয়ে ৪৫ জন কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ জুন) দুপুরে পদুয়ার বাজার ও সুয়াগাজী এলাকার মাঝামাঝি স্থানে এ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক নেতাকর্মী শেখ হাসিনার ছবি নিয়ে মিছিলে অংশ নেন। এ সময় তারা “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” স্লোগান দেন। প্রায় তিন মিনিটের মিছিল শেষে দ্রুত মহাসড়ক ত্যাগ করেন তারা।

স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এমন প্রকাশ্য কর্মসূচি জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। মিছিলের খবর পেয়ে অভিযান চালিয়ে ৪৫ জন কর্মীকে আটক করে পুলিশ। এ সময় তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি