ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৬, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:২৫, ২৯ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার ভেড়ামারায় বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে জনি ওরফে রাজিম (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়নাল আবেদীন আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জনি ওরফে রাজিম ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, জনি নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২০২২ সালের ১ জানুয়ারি রাতে তরুণীর বাড়িতে গিয়ে একা পেয়ে তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি। এতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার জনিকে বিয়ের জন্য চাপ দেয়। এ সময় নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে পদোন্নতির কথা বলে ভুক্তভোগীর প্রবাসী বাবার কাছে ৮ লাখ টাকা নেন তিনি। পরে যোগাযোগ বন্ধ করে দেন জনি।

২০২৩ সালের ২ মার্চ ভুক্তভোগী একটি পুত্র সন্তানের জন্ম দেন। একই বছরের ২২ জুন কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন তিনি।

আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষায় সন্তানের পিতা হিসেবে জনির পরিচয় নিশ্চিত হয়। তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ অক্টোবর ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু মিয়া আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি