ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬

খুলনায় যুবককে গুলি ও কুপিয়ে জখম, ঢাকায় প্রেরণ

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩২, ২ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

খুলনা মহানগরীর নিরালা এলাকায় আব্দুল আজিজ (৩৫) নামের এক যুবককে গুলি করে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। 

রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নয়ন চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মারাত্মক জখম আজিজ বাগমারা মেইন রোডের ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা খলিলুর রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা হঠাৎ করে আঃ আজিজের ওপর এই হামলা চালায়। প্রথমে তাকে গুলি করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। 

গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় প্রেরণ করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কেএমপি’র এডিসি মো. তাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, আহত আব্দুল আজিজ একটি গ্রুপের সদস্য। অন্য আরেকটি গ্রুপের সাথে তাদের দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে আব্দুল আজিজকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ওই সন্ত্রাসীরা। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি