ঢাকা, সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের নাম ভাঙিয়ে প্রতারণা, সাভারে ভুয়া সাংবাদিক আটক

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

সাভারে একুশে টেলিভিশন-এর সাংবাদিক পরিচয়ে এক ভুয়া ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) নিজেকে একুশে টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিলে বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন সাংবাদিক তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি ভুল স্বীকারের চেষ্টা করেন।

জানা গেছে, একুশে টেলিভিশনের সাংবাদিক পরিচয় দেওয়া ওই ব্যক্তির নাম সিয়াম আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। আটকের পর সিয়াম দাবি করেন, গত ছয় মাস ধরে তিনি ‘বাংলার একুশ’ নামে একটি পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন। তার কাছে থাকা একটি পরিচয়পত্রে ‘একুশ’ লেখা থাকায় তিনি কৌশলে নিজেকে একুশে টেলিভিশনের সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন বলে অভিযোগ উঠেছে।

পরে স্থানীয় সাংবাদিকরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের ভুল স্বীকার করেন। তবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সুযোগ পেয়ে তিনি সেখান থেকে দ্রুত সটকে পড়েন।

স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, একটি প্রতারক চক্র ভুয়া বিভিন্ন প্রতিষ্ঠানের আইডি কার্ড তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এতে স্বনামধন্য গণমাধ্যম প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি