গভর্নরকে ‘স্বৈরাচার’ বলায় কেন্দ্রীয় ব্যাংকের ৩ কর্মকর্তাকে শোকজ
প্রকাশিত : ১৬:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
সংবাদ সম্মেলন করে গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ আখ্যা দেওয়া তিন কর্মকর্তাকে শোকজ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১০ দিনের মধ্যে তাদের এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, “পত্র-পত্রিকায় যাদের নাম এসেছে, তারাই শোকজের তালিকায় রয়েছেন। জবাব সন্তোষজনক না হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
শোকজপ্রাপ্ত তিন কর্মকর্তা হলেন, বাংলাদেশ ব্যাংকের নীল দলের সাধারণ সম্পাদক ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ এবং একই সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ।
জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি আকস্মিকভাবে এক সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে বক্তব্য দেন এই তিন কর্মকর্তা। সংবাদ সম্মেলনে দুর্বল ব্যাংকের সঙ্গে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকে একীভূতকরণ, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার উদ্যোগসহ বিভিন্ন ইস্যুতে গভর্নরকে ‘স্বৈরাচার’ আখ্যা দেওয়া হয়।
সংবাদ সম্মেলন করার এখতিয়ার ছিল কি না এ প্রশ্নে মুখপাত্র বলেন, “যেহেতু বিষয়টি শোকজের আওতায় রয়েছে, তাই এ মুহূর্তে বিষয়টি নিয়ে মন্তব্য করা সম্ভব নয়। জবাব পাওয়ার পর সিদ্ধান্ত জানানো হবে।”
এমআর//
আরও পড়ুন










