ঢাকা, রবিবার   ২৬ এপ্রিল ২০২৬

গাইবান্ধায় বজ্রপাতে দুই উপজেলায় শিশুসহ ৪ জনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২০, ২৬ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় একজন আহত হয়েছেন এবং একটি গবাদিপশুও মারা গেছে।

নিহতরা হলেন—সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), আল মোজাহিদ চৌধুরী ছোটন মিয়ার ছেলে ও স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফি (১২) এবং নবীর হোসেনের ছেলে মিজানুর (২০)। অপরদিকে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলঞ্চা গ্রামের মো. নম্বর আলী (৫০) বজ্রপাতে নিহত হন। 

এই ঘটনায় ধোপাডাঙ্গা গ্রামের  আব্দুল হাই মিয়ার ছেলে শামীম (১৮) আহত হয়েছেন বলে জানা যায়। তাকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মাহাফুজার জান্নাতি বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় সুন্দরগঞ্জে নিহত তিনজনসহ কয়েকজন বাড়ির পাশে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এতে একটি গরুও মারা যায়।

অন্যদিকে, সাঘাটা উপজেলায় নম্বর আলী মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত ব্যক্তির চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি