গাজীপুরে পোশাক কারখানায় শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষোভ ও ভাঙচুর
প্রকাশিত : ১৮:৫৭, ২৫ জুন ২০২৬
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পোশাক কারখানায় কর্মরত অবস্থায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনার জেরে আশপাশের কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টা থেকে বেলা ২টার মধ্যে উপজেলার টেপিরবাড়ি, কেওয়াসহ আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর নাশকতার আশঙ্কায় অন্তত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
জানা যায়, নিহত ওই শ্রমিকের নাম লিজা (৩৬), তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকার বিদ্যুৎ হোসেনের স্ত্রী। তিনি শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ থাকায় গত ১১ জুন থেকে লিজা ছুটিতে ছিলেন। এরপর ২৪ জুন তিনি কারখানায় কাজে যোগ দেন। কর্মস্থলে আসার পর পুনরায় অসুস্থ বোধ করলে তিনি কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চান।
অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষ তাকে ছুটি না দিয়ে কাজ করতে বাধ্য করে। একপর্যায়ে বুধবার গভীর রাতে লিজা কারখানার ভেতরেই অসুস্থ হয়ে মারা যান।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে শ্রমিকরা কাজে এসে তার মৃত্যুর সংবাদ পান। এরপর তারা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ওই কারখানা ও পার্শ্ববর্তী আরও কয়েকটি কারখানায় ব্যাপক ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় শ্রমিকরা একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, এক নারী শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে কয়েকটি কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ ও ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আগামী শনিবার এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের নিয়ে আলোচনার সিদ্ধান্ত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমআর//
আরও পড়ুন










