গুরুদাসপুরে নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
প্রকাশিত : ১৯:১৫, ২৫ আগস্ট ২০২৬
নাটোরের গুরুদাসপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারহান ইসলাম ও লাম হোসেন নামের দুই বন্ধুর করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) দুপুরে গুরুদাসপুর উপজেলার শ্যামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তাদের বয়স ছিল ৮ বছর। ফারহান উপজেলার শ্যামপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং লাম একই এলাকার বাবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারহান ও লাম দুপুরে পরিবারের অজান্তে বাড়ির পাশের নন্দকুজা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা নদী থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
একই সাথে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শ্যামপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
এএইচ
আরও পড়ুন










