ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬

ঘাটাইলে বসতবাড়িতে হামলা ও দেয়াল ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৮, ২১ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের ঘাটাইলে ইয়ার মামুদ নামে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, সীমানা দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঘাটাইল উপজেলা শহরের চান্দসী কলেজপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ইয়ার মামুদ।

লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৯৮ সালে ১৬ শতাংশ জমি ক্রয় করে সেখানে ঘরবাড়ি নির্মাণ ও গাছপালা লাগিয়ে বসবাস করে আসছেন। তার বাসার পূর্ব ও দক্ষিণ পাশ দিয়ে ১০ ফুট প্রশস্ত একটি রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। ২০১২ সালে তিনি ওই পাশগুলোতে ইটের সীমানা দেয়াল নির্মাণ করেন।

অভিযোগ করে তিনি বলেন, সম্প্রতি তার প্রতিবেশী আব্দুল মালেক, আব্দুস ছালাম ও মহর আলী স্থানীয় সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে তার বাড়িঘর উচ্ছেদের হুমকি দেয়। একপর্যায়ে তারা তার বাড়ির পূর্ব ও দক্ষিণ পাশের সীমানা দেয়াল ভেঙে ফেলে এবং বেশ কয়েকটি গাছ কেটে নেয়। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনায় আদালতে মামলা দায়ের করলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সন্ত্রাসীদের মাধ্যমে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এছাড়া পৌরসভার রাস্তার চলমান কাজও তারা বন্ধ করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ইয়ার মামুদ বলেন, “আমি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে এখানে বসবাস করছি। এখন আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান বলেন, “ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি