ঢাকা, শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ঘোড়াশালে কাভার্ডভ্যানের ধাক্কায় মিনি ট্রাকের হেলপার নিহত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে কাভার্ডভ্যানের ধাক্কায় আকাশ মিয়া (১৮) নামে এক মিনি ট্রাকের হেলপার নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শেখ সাদি এলাকার লিটন মিয়ার ছেলে। তিনি টঙ্গীর হাজী মাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর পেয়ে টঙ্গী থেকে ঘটনাস্থলে ছুটে আসেন তার মা আকলিমা বেগম। এ সময় তার আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে টঙ্গী থেকে রায়পুরার উদ্দেশ্যে পণ্যবোঝাই একটি মিনি ট্রাক ছেড়ে আসে। ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ট্রাকটি ঘোড়াশাল বাইপাস সড়কে পৌঁছালে চালক সেটি থামিয়ে পাশের একটি দোকানে চা পান করতে যান। এ সময় হেলপার আকাশ মিয়া ট্রাক থেকে নেমে ডান পাশে দাঁড়িয়ে মালামাল বাঁধা ঠিক আছে কি না তা দেখছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাণ-আরএফএলের ভাড়ায় চালিত একটি কাভার্ডভ্যান মিনি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের পাশে দাঁড়িয়ে থাকা আকাশ মিয়ার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক গাড়িটি রেখে পালিয়ে যান।

খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং কাভার্ডভ্যানটি জব্দ করে। এ ঘটনায় সড়কের দুই পাশে প্রায় দুই ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার শেষে যান চলাচল স্বাভাবিক হয়।

মিনি ট্রাকের চালক মামুন মিয়া দাবি করেন, ঘুমজড়ানো অবস্থায় কাভার্ডভ্যান চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি