ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

চাঞ্চল্যকর জুয়েল হত্যার আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:০৮, ১৭ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলোচিত জুয়েল (৪৫) হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি মো. মানিক খালাসিকে (৩৬) গ্রেফতার করেছে র‍্যাব। 

সোমবার (১৬ মার্চ) রাত ১১টায় গাজীপুরের কাশিমপুর থানাধীন লতিফপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) এবং র‍্যাব-১ এর একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

মামলার বিবরণ ও র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকালে ফরিদপুর কোতয়ালী থানাধীন গোয়ালচামট এলাকায় রাস্তার ওপর কাপড় শুকানোকে কেন্দ্র করে ভিকটিম জুয়েলের সঙ্গে প্রতিবেশী মনি বেগমের বাকবিতণ্ডা হয়। এর জেরে ওই দিনই সকাল ৮টার দিকে আসামি মো. শাহনেওয়াজ (২৩) ও মানিক খালাসি সহ একদল যুবক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জুয়েলের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা জুয়েল ও তার ভাই সোহেলকে (৩০) উপর্যুপরি মারপিট করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৫৯, তারিখ- ২৮/০২/২০২৬)। মামলার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। 

পরবর্তীতে আধুনিক তথ্য-প্রযুক্তি এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে র‍্যাব গাজীপুর থেকে মানিক খালাসিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব অপরাধ দমনে আপসহীন। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর থেকেই আমরা ছায়া তদন্ত শুরু করি। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানের মাধ্যমে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি