ঢাকা, শুক্রবার   ২৯ মে ২০২৬

চামড়া শিল্প থেকে বছরে ১২ বিলিয়ন ডলার অর্জন সম্ভব: শিল্পমন্ত্রী

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৭, ২৯ মে ২০২৬

Ekushey Television Ltd.

চামড়া শিল্পকে দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, সঠিকভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা গেলে এ খাত থেকেই বছরে ১০ থেকে ১২ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।

শুক্রবার (২৯ মে) দুপুরে সাভারের হেমায়েতপুরে ট্যানারি শিল্প কারখানাগুলোতে চামড়া সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, চামড়া শিল্প দেশের একটি অত্যন্ত সম্ভাবনাময় খাত। সারা দেশে কোরবানির পশু থেকে যে পরিমাণ চামড়া সংগ্রহ হয়, তা যদি আন্তর্জাতিক মান অনুযায়ী প্রক্রিয়াজাত ও রপ্তানিযোগ্য করা যায়, তাহলে এ খাত জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে।

তিনি বলেন, মানসম্মত চামড়া সংগ্রহ ও সংরক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে কাঁচা চামড়ায় দ্রুত লবণ প্রয়োগের মাধ্যমে সংরক্ষণ নিশ্চিত করতে হবে। কারণ যথাযথভাবে লবণ না দেওয়ায় অনেক সময় চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যায় এবং বাজারমূল্য কমে যায়।

চামড়ার দাম প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, “লবণযুক্ত ও সঠিকভাবে সংরক্ষিত চামড়ার চাহিদা ও দাম দুটোই ভালো থাকে। কিন্তু সংরক্ষণে ঘাটতি থাকলে ট্যানারি মালিকরা তা গ্রহণ করতে চান না, ফলে দামও কমে যায়।”

এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বিসিক শিল্পনগরীর ট্যানারি সংশ্লিষ্ট সূত্র জানায়, গত দুই দিনে সারা দেশ থেকে কোরবানির পশুর চামড়া সাভারের ট্যানারিগুলোতে আসতে শুরু করেছে। শুক্রবার দুপুর পর্যন্ত ১ হাজার ৫৯৬টি ট্রাক ও পিকআপে করে মোট ৪ লাখ ৯৩ হাজার ৪৯টি চামড়া ট্যানারিতে পৌঁছেছে। এর মধ্যে গরু ও মহিষের চামড়া রয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৯৫৯টি এবং ছাগল ও ভেড়ার চামড়া রয়েছে ১৬ হাজার ৯০টি।


এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি