ছেলের বিয়ের বাজার নিয়ে বাড়ি ফেরা হলো না এক দম্পতির
প্রকাশিত : ০৯:৫১, ১০ সেপ্টেম্বর ২০২৬
পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে শহরের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার আনোয়ার মালিথা (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।
আজ বৃহস্পতিবার তাদের বড় ছেলে সিয়াম হোসেনের বিয়ের আয়োজন ছিল। এ উপলক্ষে বুধবার বিকালে স্ত্রীকে নিয়ে বাজারে গিয়েছিলেন আনোয়ার। বাজার শেষে বাড়ি ফেরার পথে আলহাজ্ব মোড়ে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বপ্না খাতুন নিহত হন। গুরুতর আহত আনোয়ারকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানান, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এএইচ
আরও পড়ুন










