ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি, বাড়ল ছুটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:২১, ২২ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে সরকারি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্য দিয়ে সরকারি ছুটির তালিকায় আরও একটি দিন যুক্ত হলো।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখার উপসচিব আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালন করা হবে।

এতে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ১১ মার্চ ২০২৬ তারিখের পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাস্থানে সন্নিবেশিত হিসেবে গণ্য হবে।

এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ১৬ এপ্রিল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিব নাসিমুল গণি জানান, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস আগে পালন করা হতো। এখন আবার ফেরত আনা হয়েছে। গত ১৬ বছর এই দিবস পালন করা হয়নি। এদিন এখন থেকে সরকারি ছুটি থাকবে।

এছাড়া ৬ জুলাই থেকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হবে, তবে এদিন সরকারি ছুটি থাকবে না বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি