জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
প্রকাশিত : ২২:৪৮, ১৯ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান), ডা. মো. মাহাবুবুর রহমান, মীর আহমাদ বিনকাসেম, এ বি এম মোশাররফ হোসেন, হুমাম কাদের চৌধুরী এবং আখতার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে সভাপতি সবাইকে স্বাগত জানিয়ে সভার আলোচ্য সূচি পাঠ করেন। এরপর সভাপতির নির্দেশনায় জাতীয় সংসদের গ্রন্থাগার পরিচিতির উপর একটি প্রেজেনটেশন উপস্থাপন করা হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দাবলী (দিনের কর্মসূচি, উত্থাপন, উপস্থাপন, স্থীরকৃত আকারে পাস, সুপারিশকৃত আকারে পাস, বর্জন, সিদ্ধান্ত প্রস্তাব, বাতিল করা বা মুছে ফেলা, লবি, মুলতবী প্রস্তাব, প্রস্তাব (সাধারণ), ধন্যবাদ প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, অধ্যাদেশ, পিটিশন, কোরাম এবং ওয়াকআউট) ইত্যাদি সম্পর্কে সংসদ-সদস্যদের অবহিত করার লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয়ের গ্রন্থাগার কর্তৃক প্রণীত ও প্রকাশিত 'সংসদে কতিপয় বহুল ব্যবহৃত শব্দ' শীর্ষক তথ্যপত্রটি সংসদ অধিবেশনকালীন টেবিলে উপস্থাপনের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
বৈঠকে সংসদ-সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।
বৈঠকে প্রত্যেক সংসদ-সদস্যর নাম ও নির্বাচনী এলাকা সার্চ করে তাদের যাবতীয় ডাটা প্রাপ্তির সুবিধার্থে একটি ডাটাবেজ তৈরির লক্ষ্যে কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরীকে আহ্বায়ক এবং মীর আহমাদ বিনকাসেমকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করা হয়।
বৈঠকে ইউএনডিপি’র প্রজেক্ট থেকে সংসদ-সদস্যদের জন্য কী ধরনের বাজেট বরাদ্দ রয়েছে তা যাচাই বাছাই করার লক্ষ্যে কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেনকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করা হয়।
এছাড়া, প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিউর অব পার্লামেন্ট বইটি বাংলায় অনুবাদ করার বিষয়ে কমিটি থেকে সুপারিশ করা হয়। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআর//
আরও পড়ুন










