ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পরিচ্ছন্নতা অভিযান, সরানো হলো সহস্রাধিক কেজি বর্জ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ১৪ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:১৮, ১৪ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সহস্রাধিক কেজি বর্জ্য অপসারণ করা হয়েছে। এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের যৌথ উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।

শনিবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত হাসপাতাল কমপ্লেক্সের বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে ৩৫ জন দক্ষ পরিচ্ছন্নতা কর্মীসহ ফাউন্ডেশন ও হাসপাতালের সংশ্লিষ্টরা অংশ নেন।

অভিযানে হাসপাতালের অভ্যন্তর থেকে বিভিন্ন ধরনের প্লাস্টিক, বোতল, কাগজ, পরিত্যক্ত সামগ্রী ও সাধারণ বর্জ্যসহ সহস্রাধিক কেজি বর্জ্য সংগ্রহ করে অপসারণ করা হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রমটির উদ্বোধন করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী। এ সময় তিনি এ ধরনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করায় ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি হাসপাতাল কমপ্লেক্সে বর্জ্য না ফেলা এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সবার প্রতি গুরুত্বারোপ করেন।

পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে জুলাই শহীদ নাফিজের বাবা ও জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটির সভাপতি গোলাম রহমান সরকার সারাদেশের হাসপাতালগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান জানান।

ফাউন্ডেশনের পক্ষে দলিলুর রহমান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এ উদ্যোগ আরও কয়েকদিন অব্যাহত রাখতে তাদের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, কর্মসূচিতে অংশগ্রহণকারীদের টি-শার্ট প্রদান করা হয় এবং কাজ শেষে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ডা. শাকিল আরিফ চৌধুরী, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. মহসিন হোসেন, অধ্যাপক ডা. খালেকুজ্জামান, অধ্যাপক ডা. তৌফিকুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. বাবুল মিয়া, সহ পরিচালক ডা. আবু হেনা মুস্তাফা কামাল, সহকারী অধ্যাপক ডা. সরোয়ার, আবাসিক চিকিৎসক একরামুল রেজা, সহকারী পরিচালক ডা. রাকিবুজ্জামান, সহকারী পরিচালক ডা. মেজবাহ উদ্দিন, ওয়ার্ড মাস্টার মো. বাহার উদ্দিনসহ অন্যান্য সংশ্লিষ্টরা।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি