ঢাকা, রবিবার   ০১ মার্চ ২০২৬

জামায়াত কর্মীর নিহতের ঘটনায় চুয়াডাঙ্গায় বিক্ষোভ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২১, ১ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কর্মীদের সংঘর্ষে এক জামায়াত কর্মী নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী।

রোববার (১ মার্চ) বেলা ১১টার দিকে জামায়াতে ইসলামের জীবননগর কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড ট্রাফিক আইল্যান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা নিহত হাফিজুর রহমানের হত্যাকান্ডে জড়িত বিএনপি কর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে জীবননগরে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে। বিক্ষোভ চলাকালে কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানালে  শহরের যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে।

জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা মাজলিসুল মুফাসসিরিন পরিসদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও জীবননগর উপজেলা জামাতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে নির্বাচন পরবর্তী রেষারেষির জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন গুরুতর আহত হন। এদের মধ্যে একজন মারা যান। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি