‘জামিনের পর গ্রেপ্তার’ ইস্যুতে রুমিন ফারহানার কড়া হুঁশিয়ারি
প্রকাশিত : ১১:০১, ২৪ মার্চ ২০২৬
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করার পাশাপাশি মামলা বাণিজ্য বন্ধে সংশ্লিষ্টদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল আশুগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং তরুণ প্রজন্মকে বিপথে নিচ্ছে। এ কারণে মাদকের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
“তোমাদের অর্জনে আমরা গর্বিত” এই স্লোগানকে সামনে রেখে বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামবাসী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সাবেক সচিব মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এমরান জাহান।
এসময় রুমিন ফারহানা বলেন, সারা দেশে মামলা বাণিজ্য উদ্বেগজনক হারে বিস্তার লাভ করেছে। একটি মামলায় অসংখ্য নিরীহ মানুষকে আসামি করা হচ্ছে। মিথ্যা মামলা দায়ের করতে অর্থ লেনদেন হচ্ছে, আবার নাম বাদ দিতেও টাকা নেওয়া হচ্ছে এ ধরনের অনিয়ম দীর্ঘদিন ধরে চলছে। এই প্রবণতা অব্যাহত থাকলে তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত কোনো মামলা এলে তা অবশ্যই যাচাই-বাছাই করতে হবে, যাতে নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন।
গ্রেপ্তার ও জামিন প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। রুমিন ফারহানা বলেন, একটি মামলায় জামিন পেয়ে মুক্ত হওয়ার পরপরই অন্য মামলায় পুনরায় গ্রেপ্তারের ঘটনা বাড়ছে, যা ন্যায়বিচারের পরিপন্থী। এ ধরনের প্রবণতার পরিণতি ভালো হবে না। এখনই আমাদের কোথাও থামতে হবে।
প্রতিশোধমূলক রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে, তবে কোনো নিরাপরাধ ব্যক্তি যেন অন্যায়ভাবে শাস্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
এএইচ
আরও পড়ুন










