ঢাকা, শনিবার   ৩০ মে ২০২৬

জিয়াউর রহমানের আদর্শ আজও জাতির অনুপ্রেরণা: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:১১, ৩০ মে ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপজেলা ও ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার অন্যতম উৎস। তাঁর দেখানো পথ অনুসরণ করেই দেশ ও জনগণের কল্যাণে এবং গণতন্ত্র রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদান এবং দেশের সংকটময় সময়ে তাঁর দূরদর্শী নেতৃত্ব জাতিকে সঠিক পথনির্দেশনা দিয়েছিল। বর্তমান সময়েও তাঁর আদর্শ ধারণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

কর্মসূচির অংশ হিসেবে প্রথমে চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে প্রায় ২৫০ থেকে ৩০০ জন দুস্থ মানুষের মাঝে খাবার ও অনুদান বিতরণ করা হয়।

এরপর তালমা মোড়ে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে শামা ওবায়েদ প্রায় ৩৫০ থেকে ৪০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার ও অনুদান বিতরণ করেন।

সর্বশেষ নগরকান্দা পৌরসভার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরকান্দা পৌর যুবদলের সাবেক সভাপতি মো. তৈয়াবুর রহমান মাসুদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি