ঢাকা, সোমবার   ২৩ মার্চ ২০২৬

জ্বালানির সংকট নেই, প্রয়োজন অনুযায়ী তেল নিন: ইকবাল হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:৫১, ২৩ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

জ্বালানি তেল নিয়ে ‘প্যানিক’ বা আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, দু’দিন তেল সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে। 

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসায় গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

জ্বালানি মন্ত্রী বলেন, “ভর্তুকি দিয়েও গত বছরের তুলনায় পাঁচ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে। সবাই তেল পাবেন।”

জ্বালানি তেল নিয়ে বাজারে যে চাপ তৈরি হয়েছে, তা স্থায়ী কোনও সংকট নয় জানিয়ে মন্ত্রী বলেন, “এটি মূলত ঈদকে ঘিরে সাময়িক পরিস্থিতির ফল। দেশে তেলের কোনও সংকট নেই এবং সরবরাহ অব্যাহত রয়েছে। সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাজারে যাতে কোনও অস্থিরতা না তৈরি হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।”

মন্ত্রী বলেন, জনগণের কাছে আহ্বান থাকল যে আপনারা প্যানিক হবেন না, আতঙ্কিত হবেন না। তেল আছে, আমরা তেল দিয়ে যাচ্ছি। আপনাদের প্রয়োজনের বেশি তেল নেবেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এ সমস্যার সমাধানে দিন-রাত চেষ্টা করছি। আশা করি, এ সমস্যার সমাধান করতে পারবো।

তিনি বলেন, ভর্তুকি দিয়ে হলেও আমরা জ্বালানি তেল আমদানি করছি। এরপরও জনগণের কথা ভেবে দাম বাড়ানো হয়নি। তাই আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নিন। জনগণ কো-অপারেট করলে তেলের সমস্যা হবে না। এখন সবার সহযোগিতা প্রয়োজন।

জ্বালানি মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষ্যে দুদিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় কিছু চাপ তৈরি হয়েছিল। এখন আবার স্বাভাবিক হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি