ঝালকাঠিতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার দাফনে অংশ নিলেন ছাত্রলীগ নেতা
প্রকাশিত : ১৫:০৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:০৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কারাবন্দী এক নেতা প্যারোলে মুক্তি পেয়ে তাঁর বাবার জানাজায় অংশ নিয়েছেন।
এ সময় তিনি পায়ে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় ছিলেন। ছাত্রলীগের ওই নেতার নাম রাকিবুল ইসলাম জোমাদ্দর (২৫)। তিনি উপজেলা সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর এলাকায় পারিবারিক কবরস্থানে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্বজনদের সঙ্গে উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম জোমাদ্দর।
পরিবার সূত্রে জানা যায়, একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন রাকিবুল ইসলাম। বৃহস্পতিবার সকালে তার বাবা মোশাররফ জোমাদ্দরের মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। প্রশাসনের অনুমোদনের পর স্বল্প সময়ের জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশি পাহারায় তিনি জানাজায় অংশ নেন। জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময় অনুযায়ী তাঁকে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সর্দার বলেন, রাকিবের বাবার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পিতার মৃত্যু যে কোনো সন্তানের জন্য অত্যন্ত কষ্টের। প্যারোলে মুক্তি নিয়ে বাবার জানাজায় অংশ নিতে হওয়া আরও বেদনাদায়ক। আমরা রাকিব ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তার ধৈর্য কামনা করি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতি নিয়ে রাকিবকে পুলিশ পাহারায় জানাজায় নেওয়া হয়। অনুষ্ঠান শেষে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআর//
আরও পড়ুন










