ঢাকা, রবিবার   ০৯ আগস্ট ২০২৬

ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজারে মার্কিন রাষ্ট্রদূত, উচ্ছ্বাস প্রকাশ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৩, ৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:০৩, ৯ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। 

আজ রোববার সকালে স্ত্রী মিসেস ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি নৌকায় চড়ে ভীমরুলী এলাকার ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার এবং আশপাশের পেয়ারা বাগান ঘুরে দেখেন।

বরিশালে প্রথমবার এসে নৌকা ভ্রমণ ও ভাসমান বাজার ঘুরে দেখার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেছেন, বরিশাল খুব সুন্দর জায়গা। নৌকা ভ্রমণ তাঁর ভীষণ পছন্দের।

রোববার দুপুরে বরিশাল প্রেসক্লাবের আয়োজনে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। নগরের কীর্তনখোলা নদীতে একটি লঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, এটা বরিশালে আমার প্রথমবার। বরিশাল খুব সুন্দর। নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দের। ঢাকা থেকে এসে আমি ভাসমান বাজার ভ্রমণ করেছি। আপনাদের সবার সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লেগেছে।

বরিশাল শহরের সৌন্দর্যের প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, শহরটি খুবই সুন্দর। বরিশালের মানুষের আন্তরিকতায় তিনি মুগ্ধ হয়েছেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঘনিষ্ঠ। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কও ঘনিষ্ঠ। মার্কিন রাষ্ট্রদূত বরিশালে আসায় তাঁরা আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রদূত ভবিষ্যতেও বারবার বরিশালে আসবেন।

অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বরিশালের ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। বেলা সাড়ে ১১টার দিকে তিনি বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে অবস্থিত প্রাচীন এই মসজিদে যান। মসজিদের ভেতরে প্রবেশ করে স্থাপত্য ও সৌন্দর্য ঘুরে দেখেন তিনি।

মিয়াবাড়ি মসজিদ পরিদর্শনের আগে মসজিদসংলগ্ন উত্তর কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম দেখেন এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।

বরিশালে আসার আগে মার্কিন রাষ্ট্রদূত ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগান ঘুরে দেখেন। সেখানে তিনি নৌকায় করে ভাসমান বাজার ঘুরে দেখেন এবং স্থানীয় মানুষের জীবনযাপন ও বরিশাল অঞ্চলের ঐতিহ্যবাহী পেয়ারা চাষ সম্পর্কে ধারণা নেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, ‘ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ব্যতিক্রমী ভাসমান বাজার আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। এখানকার কর্মচাঞ্চল্য, কৃষকদের কঠোর পরিশ্রম এবং পেয়ারার গুণগত মান সত্যিই আকর্ষণীয়।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু উষ্ণ অঞ্চলে সীমিত পরিসরে এ ধরনের পেয়ারা চাষ হয় হয় বলে জানান মার্কিন রাষ্ট্রদূত।

ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র, যা প্রতি বর্ষা মৌসুমে বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটককে আকৃষ্ট করে। মার্কিন রাষ্ট্রদূতের এ সফর স্থানীয় চাষিদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করেছে বলে জানিয়েছেন বাগান মালিকরা।

বরিশাল সফরের বিভিন্ন পর্যায়ে স্থানীয় ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নদী ও নৌকাকেন্দ্রিক জীবনযাত্রা দেখার সুযোগ পান মার্কিন রাষ্ট্রদূত।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি