ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬

টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ২৯ শিক্ষার্থী অসুস্থ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৬, ২৩ জুন ২০২৬

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের নাগরপুরে একটি বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে বিষক্রিয়ায় ২৯ শিক্ষার্থী অসুস্থ হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ২৭ জনকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় থাকা দুই শিক্ষার্থীকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউবওয়েলের পানি পান করার পর একে একে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে দ্রুত তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হলে তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বলেন, “সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করার পরপরই অসুস্থ হয়ে পড়ে। পরে দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টিউবওয়েলের পানিতে কেউ বিষাক্ত কোনো পদার্থ মিশিয়ে থাকতে পারে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদীর আহমেদ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন জানান, টিউবওয়েলের পানিতে কোনো ক্ষতিকর বা বিষাক্ত পদার্থ মেশানো হয়েছে কি না তা নিশ্চিত হতে পানির নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি