টাঙ্গাইলে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষ, ৩ স্কুলশিক্ষার্থী নিহত
প্রকাশিত : ১৬:০২, ২৪ মে ২০২৬ | আপডেট: ১৬:৪২, ২৪ মে ২০২৬
টাঙ্গাইল-বাসাইল সড়কের বাসাইল উপজেলার বাংড়া নামক এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষে তিন জন নিহত ও একজন আহত হয়েছেন।
রোববার সকাল ১১টার দিকে বাসাইল উপজেলার বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে নবম শ্রেণীর শিক্ষার্থী তাকবীর মিয়া (১৫), সোলাইমান আলীর ছেলে সাইমন (১৪) ও একই এলাকার মোঃ শওকত আলীর ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র লিমন মিয়া (১৩)।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, আজ সকাল ১১টার দিকে তাকবির মিয়া লিমন ও সাইমনকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে বাসাইলের দিকে যাচ্ছিল। এ সময় টাঙ্গাইল-বাসাইল সড়কের বাসাইল উপজেলার বাংড়া কালি মন্দিরের সামনে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তাকবীর নিহত হয়। গুরুতর আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর লিমন এবং ঢাকা নেয়ার পথে সাইমন নিহত হয়।
আইনী প্রক্রিয়া শেষ করে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
এএইচ
আরও পড়ুন










