ট্রাইব্যুনালে হাজির করা হলো দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবুকে
প্রকাশিত : ১১:৫২, ১৪ মে ২০২৬
২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে কারাগার থেকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ৭ মে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দেন।
প্রসিকিউশন জানায়, বৃহস্পতিবার তাদের শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে। একই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করা হবে।
এর আগে প্রসিকিউশন জানায়, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। এছাড়া, সেসময় মরদেহের সংখ্যা গোপন করতে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা সহায়তা করেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন বলে আন্তর্জাতিকভাবে প্রচার করেন তিনি।
প্রসিকিউশন আরও জানায়, ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ ৪টি স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন বলে তদন্ত সংস্থা শনাক্ত করেছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হয়েছেন।
এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ছয় আসামি। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
এএইচ
আরও পড়ুন










