ঢাকা, মঙ্গলবার   ৩০ জুন ২০২৬

ট্রাক সেলে আলু ৩০, পেঁয়াজ ৫০ টাকায় পাবেন যে কেউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১০, ১৩ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৪:৩২, ১৩ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকার ২৫ থেকে ৩০টি স্থানে ট্রাক সেল শুরু হচ্ছে। সেখান থেকে কার্ডধারী ছাড়াও যে কেউ দুই কেজি ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল নির্ধারিত মূল্যে নিতে পারবেন বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।  

সোমবার (১৩ নভেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান তিনি।

বাণিজ্য সচিব বলেন, ট্রাক সেলের মাধ্যমে ঢাকায় ডাল ৬০ টাকা কেজি, সয়াবিন তেল ১০০ টাকা লিটার, আলু ৩০ ও পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে কিনতে পারবেন গ্রাহকরা। যে কেউ ২ কেজি করে ডাল, আলু, পেঁয়াজ, ২ লিটার সয়াবিন তেল নিতে পারবে।

তিনি বলেন, টিসিবির কার্ডের মাধ্যমে ঢাকাতে ১৩ লাখ পরিবারকে ন্যায্য মূল্যে পণ্য দেওয়া হচ্ছে। এর পাশাপাশি মঙ্গলবার থেকে ঢাকায় ২৫ থেকে ৩০টি ট্রাকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হবে। এতে নতুন করে আরও ৯ হাজার পরিবার যোগ হবে। প্রতিটা ট্রাক থেকে ৩০০ জন এই পণ্যগুলো পাবে। 

তবে শুক্র-শনিবার বাদে বিভিন্ন দিন বিভিন্ন স্থানে বিক্রি হবে। 

তিনি জানান, এখন পর্যন্ত ১০ হাজার ৯৫ টন আলু আমদানি হয়েছে। ২ লাখ টন আলুর আইপি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এছাড়াও ২৫ কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে ৬২ লাখ পিস ডিম আমদানি হয়েছে। আমদানির ফলে বাজারে এরই মধ্যে পণ্য দুটির দাম কমেছে বলেও জানান বাণিজ্য সচিব।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি