ঢাকা, শুক্রবার   ০৭ আগস্ট ২০২৬

ডিসেম্বরে দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা: আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ৭ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘শেখ হাসিনা বলেছেন, তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। আমিও বিশ্বাস করতে চাই, উনি ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক। আইনি পথ ধরে হাঁটুক।’

তিনি বলেন, ‘আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।’

শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বিচার ব্যবস্থা নিয়ে তিনি বলেন, আপনার কাছে সমস্যা একরকম, আর আমার কাছে সমস্যা আরেকরকম। অনেকেই বলবেন, দুর্নীতিতে ছেয়ে গেছে। আবার অনেকেই বলবেন, টাউট-বাটপারিতে ছেয়ে গেছে। অনেকেই বলবেন, স্ট্রাকচার নেই। আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের। 

আইনমন্ত্রী বলেন, আমি যদি বিচারকের পেশা বেছে নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে আমি সমাজের আর দশটা চাকরির মতো এই চাকরি করতে আসিনি। সৃষ্টিকর্তার পর মানুষ সেখানে গিয়ে যেন আস্থা ও বিশ্বাস রাখতে পারে এমন বিচার বিভাগ চাই। সেই ধারণা নিয়ে যেদিন বিচারকরা ওই চেয়ারে বসবেন, সেদিন আমি বিশ্বাস করি, বাংলাদেশে একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায়বিচারপূর্ণ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি