ঢাকা, বুধবার   ১১ মার্চ ২০২৬

ঢাকা ওয়াসার নতুন এমডি সাবেক সচিব আমিনুল ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩২, ১০ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী মো. আমিনুল ইসলামকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে রোববার (৮ মার্চ) ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেন। এর পরদিন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তাকে এ দায়িত্ব দিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়।

আমিনুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময় ২০২১ সালে যুগ্ম-সচিব হিসেবে অবসরে যান। ওই সময়ে তিনি জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব ছিলেন। বিগত অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালে সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছিলেন তিনি।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি