ঢাকা, সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার চারপাশে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেয়া হয়েছে: নৌমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ৭ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

নগরীর যানজট কমানো ও নৌপথকে জনপ্রিয় করতে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ঢাকার চারপাশে আবারও ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নৌপরিবহনমন্ত্রী বলেন, গত ১০ বছর ঢাকার চারপাশে ওয়াটার বাস চলাচল করলেও এতে মোট ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে। বছরে গড়ে লোকসানের পরিমাণ ছিল প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা। তবে আগের সমস্যাগুলো চিহ্নিত করে নতুন করে ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মন্ত্রী জানান, দেশে প্রায় ৭ হাজার ৫০০ কিলোমিটার নৌপথ রয়েছে। এর মধ্যে বর্তমানে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখা হয়েছে। নৌপথের নাব্যতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে। যেসব নৌপথে নৌচলাচল চালু রয়েছে, সেগুলোর নাব্যতা রক্ষায় সংরক্ষণমূলক ড্রেজিং নিয়মিত করা হচ্ছে বলেও জানান তিনি।

ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ নিয়েও সংসদে কথা বলেন নৌপরিবহনমন্ত্রী। তিনি জানান, নদীদূষণের উৎস চিহ্নিত করে ইতিমধ্যে ৪২৪টি স্পট নির্ধারণ করা হয়েছে। এসব স্থানে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে পড়ছে।

ঢাকার চারপাশের পাঁচটি নদী দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ব্যাপক কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে গতকাল একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা হয়েছে এবং একটি কমিটি গঠন করে নদীগুলো পরিদর্শন করা হয়েছে।

মন্ত্রী বলেন, নদী দূষণমুক্ত করতে ওয়াসা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন, বিআইডব্লিউটিএ এবং পানিসম্পদ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। 

নদীর পাড় সংরক্ষণের বিষয়টিও পরিকল্পনার মধ্যে রাখা হয়েছে। পাশাপাশি শিল্পবর্জ্য যাতে আর নদীতে না যায়, সে জন্য পরিবেশ মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানান নৌপরিবহনমন্ত্রী।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি