তারাকান্দায় বর্ষবরণ অনুষ্ঠানে এমপিকে বাধা দেওয়ার অভিযোগ
প্রকাশিত : ২১:০৪, ১৪ এপ্রিল ২০২৬
ময়মনসিংহের তারাকান্দায় বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদুল্লাহর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে অনুষ্ঠানে এমপিকে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তারাকান্দা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। বৈশাখের প্রথম দিনে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে বিকেল ৪টার দিকে ১১-দলীয় জোটের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় সংগীত পরিবেশনার আয়োজন করা হয়। এতে অংশ নিতে যান সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। অনুষ্ঠানস্থলে প্রবেশকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
সংসদ সদস্যের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাঁর ভাতিজা মাহাদি হাসানসহ কয়েকজন সমর্থককে মারধর করা হয়েছে। এছাড়া গত রমজানেও তাঁর ইফতার অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল বলে দাবি করা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে শোভাযাত্রা করে প্রবেশের সময় এমপির সঙ্গে তার দেখা হয়। পরে সামান্য কথা-কাটাকাটির ঘটনা ঘটে, তবে তিনি দ্রুত পরিস্থিতি শান্ত করেন বলে দাবি করেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রবেশকে কেন্দ্র করে সাময়িক ধাক্কাধাক্কি ও বাগ্বিতণ্ডা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, সংক্ষিপ্ত সময়ের জন্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, ময়মনসিংহ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হন মুহাম্মদুল্লাহ। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।
এমআর//
আরও পড়ুন










