ঢাকা, রবিবার   ২৪ মে ২০২৬

থানচিতে শিশুধর্ষণ অভিযোগে থানা ঘেরাও, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৬, ২৪ মে ২০২৬

Ekushey Television Ltd.

বান্দরবানের থানচিতে এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ও উত্তেজিত জনতার মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ মে রাতে থানচি সদর ইউনিয়নের নতুনপাড়ায় পাঁচ বছর বয়সী এক পাহাড়ি শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে বিজয় বড়ুয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ২৪ মে সকালে স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে থানচি থানায় সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করলে থানায় উপস্থিত জনতার একটি অংশ উত্তেজিত হয়ে পড়ে। তারা অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। পুলিশ এতে অস্বীকৃতি জানালে বিক্ষুব্ধ জনতা থানচি থানা ঘেরাও করে এবং থানা প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

পরে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল দ্রুত থানচি থানায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিজিবি সদস্যরা উত্তেজিত জনতাকে শান্ত করে থানা চত্বরে নিরাপত্তা নিশ্চিত করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করেন।

থানচি থানা পুলিশ জানায়, অভিযুক্ত বিজয় বড়ুয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কঠোর নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, ভুক্তভোগী শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বিজিবির অ্যাম্বুলেন্সে করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্তমানে থানচি সদর ও থানা এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি