ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

দীর্ঘ ১৮ বছর পর পৈতৃক ভূমিতে আসছেন প্রধানমন্ত্রী, মুখর পুরো বগুড়া

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:২০, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:২৯, ১৯ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

দীর্ঘ প্রায় ১৮ বছর পর পৈতৃক ভূমি বগুড়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই আগমন ঘিরে মানুষের প্রত্যাশা যেন নতুন স্বপ্নের ডানা মেলেছে, জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ঘরের প্রিয় নেতাকে এক নজর দেখতে উদগ্রীব সাধারণ মানুষ। 

উন্নয়ন, রাজনীতি আর আবেগ—সব মিলিয়ে নতুন এক অধ্যায়ের অপেক্ষায় বগুড়াবাসী।

দীর্ঘ প্রবাস জীবনের পর প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম নিজ জেলা সফরে আসছেন তারেক রহমান। ২০০৮ সালের পর এই সফর ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। শহরের অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক—সবখানেই ব্যানার-ফেস্টুন আর সাজসজ্জায় মুখর পুরো বগুড়া।

সফরের শুরুতেই সকাল সাড়ে ১১টায় বগুড়া পৌরভবনে নবগঠিত সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন তিনি। এরপর তিনি যাবেন গাবতলীর বাগবাড়ীতে, যেখানে উদ্বোধন করবেন জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল-এ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬। পাশাপাশি থাকছে ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম।

দুপুরে নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী পরিদর্শন করবেন তার পৈতৃক বাড়ি। বিকেল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। 

এরপর উদ্বোধন করবেন বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজ।

দীর্ঘদিন পর প্রিয় ভূমিতে তার এই প্রত্যাবর্তন ঘিরে আবেগাপ্লুত নেতাকর্মীরাও।

ইতোমধ্যে সফরকে ঘিরে ১৫ সদস্যের প্রতিনিধি দল পরিদর্শন সম্পন্ন করেছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

দীর্ঘ প্রতীক্ষার পর এই সফরকে ঘিরে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছে বগুড়াবাসী। উন্নয়ন ও রাজনৈতিক গতিশীলতার এই ধারাবাহিকতা জেলার অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে—এমনটাই প্রত্যাশা সবার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি